ধরুন কেউ আমাকে জিজ্ঞেস করলো, বলো, খুকী, তোমার সবচেয়ে প্রিয় জায়গার নাম কী? আমি কি বলতে পারি যে আমার প্রিয় জায়গা হলো মামার বাড়ির পুকুরের পাড়ের বাঁশঝাড়? বিশ্বাস হবে শুনে? একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা সত্য বচন এটি। পুকুর ধারে যেখানে জাতক ফলের গাছ ঝুঁকে পড়েছে পুকুরের ওপর, তার ডানদিক জুড়ে রয়েছে বাঁশঝাড়। ওদিকেই ছোট্ট একটা মাচা তৈরী করা, বসে খানিক সুখটান দেওয়ার জন্য। সেখানে আমি বসে থাকতে ভালোবাসি মনে মনে। যেখানে আঁশটে জলজ গন্ধের সাথে মিশে থাকে ধূলোর ঘ্রাণ, আবহসঙ্গীত দেয় শিরশিরিয়ে কেঁপে ওঠা পাতারা…চিন্তা ভাবনা হীন, সময় থমকে দেওয়া এক জগত! 


বাঁশ গাছ ভালোবাসি বলে মধ্যমগ্রামের নার্সারি থেকে ঐ গোত্রের এক গাছ কিনেছিলাম। ভেবেছিলাম বনসাই করে রাখবো। অধিক যত্ন তার সহ্য হয়নি। তারপর আনালাম কাশফুলের গাছ। আমার ইন্দ্রদাদা এনে দিয়েছিল কাদা মাড়িয়ে। সে গাছ দুবছর রাখতে পেরেছিলাম মাত্র! তারপর গত পুজোর আগে নার্সারি তে এক দুষ্টু কিশোর কথা দিয়েছিল ‘কাকীমা, তুমি চিন্তা কোরোনা, আমি ঠিক এনে দেব, আমাদের বাড়িতে জঙ্গল!’ বলে; সে ছেলের টিকিটির ও দেখা পাইনি। তো বাঁশের আশা ছেড়ে দিয়েছিলাম। 


আজ হঠাৎ বোধগম্য হলো আমি বাঁশের আশা ছেড়ে দিলেও বাঁশ তো আমাকে ছেড়ে যায়নি! গত দেড়মাস ধরে তো ব্রেকফাস্ট -লাঞ্চ-ডিনার সবেতেই বাঁশ আর বাঁশ! 


খুব বড়াই করে সবাইকে বলে এসেছিলাম, এটা আমার দশ নম্বর সংসার পাতা(ব্যক্তিবর্গ কনস্ট্যান্ট), আমার কাছে এসব কোনো ব্যাপারই না, একসপ্তাহে এই সংসার গুটিয়ে রেখে যাবো,  ওখানে দু সপ্তাহে গুছিয়ে বসে পড়বো। তোমাদের এবেলা ওবেলা ছবি পাঠাবো। দেখুন, আমার কাজ বলতে চাট্টি রেঁধে দেওয়া আর ছবি তোলা। লাগে টাকা দেবে গৌরী সেন। আমার দিদি শাশুড়ির নাম ছিল গৌরী। তিনি বেঁচে থাকলে নাত-বৌ এর টাকার অভাব হতো না! যাইহোক, প্রসঙ্গে ফিরি। বাড়িটা হয়েছে। বিস্তর ঝামেলার পর নদীর ধারে একটা সুন্দর আবাসন, তাতে এই পরিপক্ক বয়সে নতুন সংসার পেতেছি। নদীর নাম চেমার। শহরের নাম চেমসফোর্ড। নদীর ধারে এক মানুষ সমান লম্বা ঝোপঝাড়। কাশফুলের মতো ফুল। জল এবং জঙ্গলের গন্ধে মন কেমন করে! 


ঝামেলার গল্পগুলো শুনতে চাইলে গুছিয়ে বলবো। শিরোনাম হবে ‘চমকে দিল চেমসফোর্ড!’