#বোধ_বুদ্ধি
পড়ে গিয়ে হাঁটুতে খুব লাগল। ব্যথা বোধ হল। সে ব্যথা নানা উপচারে চলেও গেল। বোধটা থেকে গেল, যে ব্যথা এরকম হয়।
'বোধবুদ্ধি' শব্দবন্ধটি আকছার ব্যবহার হয়। ব্যবহার হওয়ার সময়ে মনে হয় একই শব্দ বুঝি! তা নয়। একটু উদাহরণ দিই। বাবার মেজাজ খারাপ থাকলে মা আমাদের ভাইবোনদের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে চোখ বড় বড় করে একটা সিগন্যাল দিতেন... এর অর্থ ছিল বাবার মেজাজ খারাপ। এই সিগন্যালটি আমরা বুঝতাম। এটি বোধ। বাবার মেজাজ যে খারাপ সেটি মা বুঝতেন - তার খানিক অংশ বোধ, খানিক বুদ্ধি। আরেকটি উদাহরণ দিই। সরস্বতী পুজোর বিসর্জনের দিন বাবার নিষেধ না মেনে সিদ্ধি খেয়ে এসে বেশ গুছিয়ে ছড়িয়েছি। বাবাকে এড়িয়ে ঘরে চলে যেতে পারলাম... এটি বোধ। ঘরে যেতে সাহায্য করল বৌদি... এটি বুদ্ধি। বোধ আর বুদ্ধি কিছুতে এক নয় মোটেই।
ক্লাস নাইন। একটি মেয়েকে দেখে ভারি ভাল লাগল। বোধ। ভাল লাগার কথা বলব কিনা সেটা অবশ্য বুদ্ধি দিয়ে ভাবতে হল। এক কথা হল? কিছুতে না।
দেখতে গেলে বোধ আর বুদ্ধি একসঙ্গে উচ্চারিত হয়, কিন্তু তারা পরস্পরের প্রায় বিপরীত। বোধ বলে "যাও" , বুদ্ধি বলে "খবরদার যেওনা"। Brain Vs Heart ভাবলে চর্বিতচর্বণ মনে হবে। কিন্তু ব্যাপারটা তা নয় মোটেই। এর মধ্যে কোনো 'versus' নেই।
এই দুইয়ের মধ্যে বরং ভাবই আছে। মেজাজ ভাল থাকলে বুদ্ধি বোধকে বলে "গুরু, একটু চেপে যা না!" উল্টে, আবার বোধ বুদ্ধিকে বলে "তোর বুদ্ধিতে চলছি, পরে ঝামেলা হলে আমাকে দোষ দিবিনা শালা"... দেখতে গেলে সুন্দর যুগলবন্দি!
কী মজার কথা! তাই না?
মজার নয়। বোধ আর বুদ্ধির কখন যে দোস্তি, কখন মারপিট, সে কথা আম-জাম-কাঁঠাল আদমি বুঝে গেলে ত মুশকিল! তালে ত সব উত্তেজনা, চমক সব শেষ! "আমার এখন মেয়েকে অঙ্ক করাতে ভাল লাগছেনা"," আমার এখন ছেলের সঙ্গে ব্লক বানিয়ে খেলতে ভাল লাগছেনা", সে আমার বোধ। আমার অনুভূতি। আমার বাবার এখন আমার সঙ্গে একটু খেজুরে গপ্পো করতে ইচ্ছে হচ্ছে, অথচ আমি বেজায় ক্লান্ত, একটুও গপ্পো করার ইচ্ছে নেই। সে এক বোধ। কিন্তু তাকে সামলাতে বুদ্ধিকে ডেকে আনব কিনা, নাকি বোধকে জমি ছাড়ব? সেটাও এক বোধ। নাকি বুদ্ধি? গুলিয়ে যায় মাইরি!
আমি বোধকে প্রাধান্য দিই। সে বোধহয় আমার বুদ্ধি কম বলে। বুদ্ধি বড় বাচাল। খুব বকে। বোধ খানিক শান্ত। অনেকে বলবেন হয়ত, যে বুদ্ধির মর্যাদা করেনা তার আর বোধ কী?
তফাৎ আছে বস!
যার বোধ আছে তার বুদ্ধি নেই এমনটা কম হয়। কিন্তু বুদ্ধিসম্পন্ন বোধহীনের হদিশ পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আমার মনে হয়। নেহাত আমারই।
দুইই থাকুক। পরিমিত ভাবে। কেউ কাউকে ছাপিয়ে না যায়। খেয়াল রাখা ভাল। দিনকাল ভাল না।
সবাই ভাল থাকবেন। বোধ বুদ্ধি নিয়ে।